মুজিববর্ষে সারা দেশে ৭০০টি থানায় ৪টি করে হেল্পডেস্ক স্থাপন করা হবে বলে জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।
রবিবার সিলেট পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেছেন, যাতে সেবা প্রত্যাশীরা আরও আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে সেবা পান। সেটা নিশ্চিত করার লক্ষে¨ই পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘গত এক বছরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ২ কোটি কল করেছেন সেবা প্রত্যাশীরা। এরমধ্যে ৫০ লাখ কলদাতাকে সেবা দেওয়া হয়েছে। এই সেবা আরও প্রসারের উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি বলেন, পুলিশের জীবনমান উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ ব্যারাকের উন্নয়ন হচ্ছে। এ বছরই দেশের সব থানায় নতুন গাড়ি দেওয়া হবে।
পরে আইজিপি সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন। এর আগে আইজিপি সিলেট পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
