হিজাববিরোধী আইনের প্রতিবাদে অমুসলিম শিক্ষিকারাও

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১১:৪৮ পিএম

সুইডেনে হিজাব পরে হিজাববিরোধী আইনের প্রতিবাদ করেছেন সে দেশের ছয়জন অমুসলিম শিক্ষিকা। দক্ষিণ সুইডেনের স্কুরুপ পৌরসভা কর্র্তৃপক্ষ একটি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীদের জন্য হিজাব পরা নিষিদ্ধ করার পর তারা এই প্রতিক্রিয়া দেখান। এ ছাড়া হিজাববিরোধী আইনের প্রতিবাদ জানিয়েছে স্থানীয় মুসলিম কমিউনিটিগুলো।

স্কুলের শিক্ষকরা সংবাদমাধ্যমকে জানান, মুসলিম শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানাতেই তারা হিজাব ব্যবহার করেছেন। এর আগে ডানপন্থি রাজনৈতিক দল ‘সুইডেন ডেমোক্র্যাটের’ প্রস্তাব অনুযায়ী পৌরসভা কর্র্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা আরোপ করে।

মুসলিম সংগঠন ‘মালমোস ইয়ং মুসলিম’ স্কুরুপ টাউন হলের বাইরে একটি প্রতিবাদ সমাবেশ করেছে। যাতে কয়েক শ প্রতিবাদকারী অংশ নেয়। সংগঠনের প্রধান তাসনিম রউফ নিষেধাজ্ঞাকে বর্ণবাদী আখ্যা দিয়ে বলেন, ‘এর মাধ্যমে মুসলিম নারীদের পোশাকের নির্বাচন ও তাদের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করা হয়েছে।’

স্কুলটির প্রধান শিক্ষক মাতিয়াস লিডহোম বলেন, ‘তিনি পৌরসভার সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকার করছেন। আমি বা আমার সহকর্মীরা কেউ এটি প্রয়োগ করব না। আর উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব পৌরসভার।’ সুইডিশ জাতীয় শিক্ষা সংস্থার আইনজীবী আন্ড্রেয়াস লিন্ডহাম ‘হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ’ ধর্মের স্বাধীনতাবিষয়ক ইউরোপীয় কনভেনশনের পরিপন্থী বলেছেন। সুইডেন ডেমোক্র্যাটের নেতা লার্স নেইস্ট্রাম বলেছেন, ‘ছেলেমেয়েরা মুখ ও চুল গোপন করার জন্য কোন পোশাক পরবে তা পৌরসভার আওতাধীন কোনো বিষয় নয়।’

পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে বিগত কয়েক দশকে সুইডেনে মুসলমানের সংখ্যা বাড়ছে। ১৯৫০ সালে দেশটিতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৫০০, যা বর্তমানে আট লাখে উন্নীত হয়েছে। সুইডেনের জনসংখ্যার ৮ দশমিক ১ শতাংশ মুসলিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত