গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, পুরান ঢাকার নাগরিক সমস্যা সমাধানে নগর পুনঃউন্নয়ন (আরবান রিডেভেলপমেন্ট) প্রকল্পের জন্য রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষ (রাজউক) পদক্ষেপ গ্রহণ করেছে। এ সংক্রান্ত সাতটি এলাকা চিহ্নিত করে প্রকল্প গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। গতকাল সোমবার সংসদে সরকারি দলের সদস্য অ্যাডভোকেট আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
রেজাউল করিম আরও বলেন, ইতিমধ্যে হাজারীবাগ ট্যানারি এলাকাকে একটি পরিকল্পিত মিশ্র এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের নগর পুনঃউন্নয়ন প্রকল্প বাংলাদেশে নতুন হওয়ায় এই বিষয়ে একটি ধারণা গ্রহণ করতে কারিগরি ও আর্থিক পৃষ্ঠপোষকতার জন্য বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধনের কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, রাজউকের চলমান ডিটেইল এরিয়া প্ল্যানে (২০১৬-৩৫) নগর পুনঃউন্নয়নের ধারণাপত্র বাস্তবায়ন কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে। বাসস।
