নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন ওরফে ইউছুফ (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ ঘটে।
পুলিশের দাবি, নিহত আনোয়ার হোসেন ডাকাত সর্দার ছিলেন। তার গ্রামের বাড়ি বেগমগঞ্জ উপজেলার লাউতলী এলাকায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, সোমবার রাত সোয়া ৯টার দিকে ডাকাতির ঘটনায় করা মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত সর্দার আনোয়ার হোসেন ওরফে ইউছুফকে বেগমগঞ্জের জমিদারহাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল।
জিজ্ঞাসাবাদে ইউছুফ রাতে সেনবাগের বীরকোট এলাকার তার দলের একটি ডাকাতির প্রস্তুতির তথ্য দেন। এরপর পুলিশের ওই দলটি ইউছুফকে নিয়ে তার সহযোগীদের ধরতে বীরকোট এলাকায় যায়।
দিবাগত রাত ৩টার দিকে ইউছুফকে নিয়ে বীরকোট এলাকায় যাওয়া মাত্র সহযোগীরা টের পেয়ে পুলিশেকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলিতে একপর্যায়ে নিজের সহযোগী ডাকাতদের গুলিতে ইউছুফ গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহত ইউছুফের বিরুদ্ধে ডাকাতির ঘটনায় সাতটি, ডাকাতির প্রস্তুতির ঘটনায় তিনটি, অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি ও চুরির অভিযোগে একটি মামলা রয়েছে।
