পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রিয়াদুল ইসলাম সোহেল (২৪) নামের এক যুবককে পিটিয়ে জখম করেছে বখাটেরা।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সোহেলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
মঙ্গলবার সকালে উপজেলার হাসপাতাল সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত সোহেলের অভিযোগ, গত সোমবার সকালে জলিশা টিএন্ডটি ব্রিজের ওপর দাঁড়িয়ে থেকে আসাদ, শুভ ও অপুসহ ৪/৫ বখাটে দুমকি জনতা কলেজগামী ছাত্রীকে পথ আগলে উত্ত্যক্ত করছিল। এ সময় পথচারী রিয়াদুল ইসলাম সোহেল ঘটনাস্থলে হাজির হয়ে বখাটেদের হাত থেকে ওই কলেজ ছাত্রীকে বের করে কলেজে পাঠিয়ে দেয়। মঙ্গলবার সকালে হাসপাতাল সড়ক দিয়ে যাওয়ার সময় বখাটেরা সোহেলকে একা পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে সোহেল বাদী হয়ে আসাদ (২০), শুভ (২০) অপু (২০) নামের ৩ বখাটের নামোল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন।
দুমকি থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
