‌সহকর্মী নারীদের পোশাক পরিবর্তনের ছবি তুলে প্রতারণা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০৬:৫৯ পিএম

সহকর্মী নারীদের পোশাক পরিবর্তনের ছবি তুলে প্রতারণার অভিযোগে সিরাজুল ইসলাম ওরফে সজীব নামে আড়ংয়ের এক সাবেক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সজীব দায় স্বীকার করার পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার অপরাধ দমন বিভাগ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি আড়ংয়ের এক নারী কর্মী অভিযোগ জানানোর পর সিরাজুলকে শেওড়াপাড়ার মণিপুরিপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সাইবার অপরাধ দমন বিভাগের সহকারী কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেন, ১৬ জানুয়ারি আড়ংয়ের এক নারী কর্মকর্তা তার শাখাপ্রধানসহ সাইবার অপরাধ দমন বিভাগে যোগাযোগ করেন। এর আগে তারা একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।

ওই নারী অভিযোগ করেন, একটি ফেক আইডি থেকে মেসেঞ্জারে তার ছবি তুলে পাঠানো হয়েছে এবং ভিডিও চ্যাট না করলে আরও ছবি প্রকাশ করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। নারীটি সন্দেহভাজন একজনের নামও বলেন। সেই অনুযায়ী পুলিশ প্রথমে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার ডিভাইসে ওই ছবি পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে সজীব পুলিশকে জানায়, এর আগে গোপনে অন্তত দশ নারী কর্মীর ছবি তুলেছিলেন। তিনি আরও একজনকেও ছবি পাঠিয়ে প্রতারণার চেষ্টা আগে করেছিলেন। তা ছাড়া আড়ংয়ের কর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ছবি আপলোড করেছিলেন। গত বছরের অক্টোবরে ওই নারী অভিযোগ জানালে আড়ং তদন্ত করে এবং ডিসেম্বরে সিরাজুলকে চাকরিচ্যুত করে।

আড়ংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা আশরাফুল আলম জানিয়েছেন, এক নারীর অভিযোগের পর আড়ং বিষয়টি তদন্ত করে এবং ঘটনার সত্যতা জানতে পারে। এরপরই সিরাজুলকে চাকরিচ্যুত করা হয়। সিরাজুল ইসলামের বিরুদ্ধে করা মামলাটির ব্যাপারে আড়ং প্রথম থেকেই অবগত আছে। এই মামলা দায়েরের ব্যাপারে অভিযোগকারীকে শুরু থেকেই আড়ং সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত