অডিওবুকে নিজের গল্প বলে গ্র্যামি জিতে নিলেন মিশেল ওবামা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০৮:১৬ পিএম

গ্র্যামি জেতা লি নাস এক্স, লেডি গাগা, বিয়ন্সের মতো তারকাদের তালিকায় যুক্ত হলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। নিজের অডিওবুকের জন্য গ্র্যামি পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামাপত্নী।

সিএনএন জানায়, গ্র্যামি অ্যাওয়ার্ডসে বেস্ট স্পোকেন ওয়ার্ড অ্যালবাম বিভাগে জিতেছে মিশেলের অডিও বুক ‘বিকামিং’। অডিওবুকটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মিশেল।

ক্ষমতা আসার পর ট্রাম্প ওবামা দম্পতির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওবামার জন্ম বিদেশে বলেও কটাক্ষ করেছিলেন ট্রাম্প। বিকামিংয়ে তারই পাল্টা জবাব দিয়েছেন মিশেল। তার সেই কাজই গ্র্যামির শিরোপা পেল।

অডিওবুকটিতে নিজের জীবনের গল্প তুলে ধরেছেন সাবেক ফার্স্ট লেডি। তার বিবাহিত জীবন, গর্ভপাতসহ নানা সংকট উঠে আসে এতে। আইভিএফের মাধ্যমে সন্তান ধারণ করেছিলেন তিনি, সে বিষয়েও বলেন তিনি।

প্রসঙ্গত সংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে পরিচিত গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬২তম আসর ছিল এবার। বাংলাদেশ সময় সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে অনুষ্ঠানটি শুরু হয়।

বিলবোর্ডের অন্যতম শীর্ষ সংগীতশিল্পী ১৮ বছর বয়সী বিলি আইলিশ তাক লাগিয়ে দিয়েছেন এবার। নিজের বর্ষসেরা অ্যালবাম, বর্ষসেরা নবাগত শিল্পী, বর্ষসেরা পপ ভোকালসহ পাঁচটি পুরস্কার পেয়েছেন তিনি। এই আসরে পুরস্কার বিজয়ী বিলি আইলিশ হলেন সর্বকনিষ্ঠ শিল্পী ।

হোম কামিং ছবির জন্য শ্রেষ্ঠ ছবির গানের পুরস্কার পেয়েছেন বিয়ন্সে। দিস ল্যান্ড গানটির জন্য শ্রেষ্ঠ রক পারফরমেন্সের পুরস্কার পান গ্যারি ক্লার্ক। ব্রিং মাই ফ্লাওয়ার্স নাউ গানটির জন্য শ্রেষ্ঠ কান্ট্রি গানের পুরস্কার পেয়েছেন তানিয়া টাকার। শ্রেষ্ঠ ড্যান্স রেকর্ডিংয়ে বর্ষসেরা হয়েছে দ্য কেমিক্যাল ব্রাদার্সের গট টু কিপ অন। ইলেকট্রনিক অ্যালবামের পুরস্কারও পেয়েছে দ্য কেমিক্যাল ব্রাদার্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত