রিফাত হত্যা মামলা

সাক্ষী দিলেন মিন্নি ও নয়ন বন্ডের ‘বিয়ের’ কাজি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০৮:৩১ পিএম

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন মিন্নি ও নয়ন বন্ডের ‘বিয়ের’ কাজি মো. আনিচুর রহমান।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে তিনি সাক্ষ্য প্রদান করেন। এ নিয়ে মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে ২৯ জনের সাক্ষ্য নিলেন বিচারক মো. আছাদুজ্জামান।

মিন্নি ও নয়ন বন্ডের বিয়ের কাজি মো. আনিচুর রহমানের সাক্ষ্যের বিষয়টি বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু নিশ্চিত করেছেন।

২০১৮ সালের ১০ অক্টোবর মিন্নি ও নয়ন বন্ডের বিয়ে পড়িয়েছেন দাবি করে কাজি আনিচুর রহমান আদালতে বলেন, ওই দিন নয়ন বন্ডের কয়েকজন বন্ধু আমাকে তাদের (নয়ন বন্ডের) বাসায় নিয়ে যায়। তখন বাসায় নয়ন বন্ডের মা এবং মিন্নিসহ অনেক লোক উপস্থিত ছিলেন। নয়ন বন্ডের বাসায় বসেই পাঁচ লাখ টাকা দেনমোহরে মিন্নি ও নয়ন বন্ডের বিয়ে দেই আমি।

আদালতে আনিচুর রহমান আরও বলেন, বিয়ে সম্পন্ন করার পর জানতে পারি মিন্নি বরগুনা পৌরসভার আবু সালেহ কমিশনারের ভাইয়ের মেয়ে। তখন আমি সালেহ কমিশনারকে আমার মোবাইল থেকে কল দিয়ে মিন্নি ও নয়ন বন্ডের বিয়ের খবর জানাই। তিনি আমাকে বিয়ের কথা গোপন রাখতে বলেন। এরপর মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরও আমাকে ফোন করে বিষয়টি গোপন রাখতে অনুরোধ করেন।

কাজি আনিচুর রহমান আদালতে আরও বলেন, এরপর আমি জানতে পারি কুমারী পরিচয়ে রিফাত শরীফের সঙ্গে মিন্নির বিয়ে হয়েছে। রিফাত শরীফের সঙ্গে বিয়ের পরদিন মিন্নির বাবা আমাকে ফোনে বলেন, মিন্নি ও নয়ন বন্ড আগামীকাল আপনার কাছে যাবে। আপনি তাদের ডিভোর্স করিয়ে দিয়েন। কিন্তু মিন্নির বাবার কথা অনুযায়ী ওই দিন তারা আমার কাছে আসেনি। এর পরদিন ফোন করে আবারও আমাকে একই কথা বলেন মিন্নির বাবা কিশোর। ওই দিনও ডিভোর্সের জন্য মিন্নি ও নয়ন বন্ড আমার কাছে না আসায় মিন্নির বাবাকে ফোন দেই। তখন মিন্নির বাবা আমাকে বলেন, ওরা দুজনে কমিটমেন্ট করেছে বিয়ের কথা কাউকে জানাবে না। গোপন রাখবে। আপাতত থাক।

আইনজীবী মজিবুল হক কিসলু জানান, মো. আনিচুর রহমান আদালতে বিয়ের রেজিস্ট্রার বালাম উপস্থাপন করেন। এটি গ্রহণ করেন আদালত।

এ বিষয়ে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, আদালতের বিষয়ে আমি এই মুহূর্তে কোন মন্তব্য করতে রাজি নয়। মামলার রায়ের পর সব বিষয় পরিষ্কার হয়ে যাবে ।

গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত