৩৪ তম ও ৩৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে এই দুই বিসিএস পরীক্ষায় অন্যদের নিয়োগ পাওয়ার তারিখ থেকে তাদেরকে নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত পৃথক তিনটি রিট আবেদনের ওপর দেওয়া রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক- আল- জলিলের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সালাহ উদ্দিন দোলন, আব্দুস সাত্তার পালোয়ান ও মো. সিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।
অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান দেশ রূপান্তরকে বলেন, দুই বিসিএসে এই ২৭ জনকে সুপারিশ করার পরও তাদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়নি। কিন্তু কি কারণে তাদের নিয়োগ দেওয়া হয়নি সে বিষয়েও তাদের কিছু জানানো হয়নি। এমনকি রুলের শুনানিতেও রাষ্ট্রপক্ষে সুস্পষ্ট কিছু জানাতে পারেনি। এরপর প্রতিকার পেতে ২০১৭ সালে দুটি ও ২০১৯ সালে একটি রিট আবেদন করা হয়। রুলে সুপারিশকৃত আবেদনকারীদের নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং তাদের নিয়োগ দিতে ও তা গেজেটে প্রকাশ করার পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।
সেই রুলের ওপর শুনানি শেষে আদালত তাদেরকে নিয়োগ দিতে রায় দিয়েছেন। যে সময়ে ওই দুই পরীক্ষায় অন্যরা চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন, সেই তারিখে তাদের নিয়োগ দিতে হবে এবং এটি করতে হবে আদালতের রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে।
