নওগাঁর পত্নীতলায় হাফিজা পারভিন বৃষ্টি (১৭) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে নজিপুর পৌর শহরের নতুন আবাসিক এলাকার এক ছাত্রী হোস্টেলে এ ঘটনা ঘটে।
নিহত বৃষ্টি পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও ধামইরহাট উপজেলার লক্ষণপাড়ার হারুন অর রশিদের মেয়ে।
নিহতের সহপাঠী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বৃষ্টি তার রুমের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ ধরে রুম থেকে বের না হওয়ার রুমের বাহির থেকে তাকে ডাকাডাকি করে তার সহপাঠীরা। তাদের ডাকে সাড়া না দেওয়ায় তারা থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।
পত্নীতলার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী দেশ রূপান্তরকে বলেন, ঘটনার সংবাদ পেয়ে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে।
