নরসিংদীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ ৫

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১০:৪৪ পিএম

নরসিংদীর মাধবদী উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন টেঁটাবিদ্ধ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকারচর ইউনিয়নের বালাপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আনোয়ার হোসেন (৩৫), রমজান আলী (৪০), জুলহাস মিয়া (৫৫), হোসেন মিয়া (৩০), দেলোয়ার হোসেন (৩১), রাসেল (১৫) ও মোমেন (৩২)। আশঙ্কাজনক অবস্থায় হোসেন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাধবদী থানার পুলিশ জানায়, সোমবার দুপুরে পাইকারচর ইউনিয়নের বালাপুর নবীন চন্দ্র উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেমের সমর্থক রাসেলকে মারধর করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেনের সমর্থক সোহাগ। এর জের ধরে গতকাল  দুপুরে বালাপুর স্কুলের সামনে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের সাতজন আহত হন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আবুল হাশেম বলেন, ‘শওকতের লোকেরা সোমবার আমার সমর্থককে মারধর করেছে। তারা মঙ্গলবার প্রথমে আমার লোকজনের ওপর হামলা করেছে। পরে তারা ইউনিয়ন পরিষদে গিয়ে হামলা চালিয়ে অফিসের আসবাব ভাঙচুর করেছে।’

তবে অভিযোগ অস্বীকার করে শওকত হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যানের লোকজন আমার বাড়ি ও কারখানায় হামলা চালিয়েছে। এ সময় তাদের হামলায় আমার সমর্থক আনোয়ার ও রাসেল টেঁটাবিদ্ধ হয়েছে। আমার কোনো লোক ইউনিয়ন পরিষদে হামলা চালায়নি।’

মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) সাফায়াত হোসেন পলাশ বলেন, এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত