মহেন্দ্র সিং ধোনিও লজ্জা পান! এক অনুষ্ঠানে এমনটাই দেখা গেল। বলিউডের গায়ক মঞ্চে ধোনিকে গান গাইতে আহ্বান জানালে লজ্জা পেয়ে মাঝপথ থেকেই ফিরে এলেন তিনি।
বহুদিন ধোনি জাতীয় দলের বাইরে। বিশ্বকাপের সেমি-ফাইনালের পর থেকেই ধোনি জাতীয় দলের বাইরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম-অ্যাওয়ে সিরিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা- একের পর এক সিরিজ শেষ হয়েছে আর ধোনির জন্য আক্ষেপ বেড়েছে ভক্তদের।
ধোনি অবশ্য অবসরের কোনও বার্তা দেননি। মাঝে সেনাবাহিনীর কাজে কাশ্মীরেও কর্তব্য পালন করে এসেছেন।
এর মধ্যেই ধোনির অবসরের জল্পনা আরও বেড়েছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পরে। জাতীয় দলের সাবেক অধিনায়ক যিনি দেশকে দু’বার বিশ্বকাপ জিতিয়েছেন তিনি বোর্ডের চার ধরনের চুক্তির ক্যাটেগরিতে জায়গা করতে পারেননি।
বর্তমানে জাতীয় দলে না থাকলেও স্ত্রী-কন্যাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাওয়া যাচ্ছে ধোনিকে। এমন এক অনুষ্ঠানে জিভা, সাক্ষীকে নিয়ে হাজির ছিলেন তিনি।
সেই অনুষ্ঠানেই আবার ছিলেন তারকা গায়ক আরমান মালিক। ধোনিকে দেখেই আরমান তারকা ক্রিকেটারের বায়োপিক থেকে তারই গাওয়া একটি গান শুরু করেন। তারপরেই আরমান ধোনিকে মঞ্চে এসে তার সঙ্গে গলা মেলানোর অনুরোধ করেন। তবে ধোনি প্রাথমিকভাবে রাজি হলেও পরে কার্যত পালিয়ে যান লজ্জা পেয়ে!
তাই ধোনি পরে আরমান মালিকের সঙ্গে মঞ্চে উপস্থিত হন। তার আগে অবশ্য আরমান মালিক ধোনিকে বলেন, তাকে গান গাইতে বলা হবে না। এ ঘটনার ভিডিও ধোনির একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
