কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০২:১৪ পিএম

কুষ্টিয়ার খোকসা থানার স্ত্রী হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- খোকসা উপজেলার দেবী নগর গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল কাদের (২৮)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় আসামির নিজ বাড়িতে স্ত্রী মিলি খাতুনকে (২০) মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত মিলি খাতুনের ভাই সাইফুল ইসলাম খোকসা থানায় বোন জামাই আব্দুল কাদেরের বিরুদ্ধে যৌতুক নির্যাতনে হত্যার অভিযোগে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ মে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম সত্যতা নিশ্চিত করে বলেন, খোকসা থানার চাঞ্চল্যকর যৌতুক নির্যাতনে এই হত্যা মামলাটিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগে চার্জ গঠনপূর্বক দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় আসামি আব্দুল কাদেরের মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত