জামালপুরে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে কোল্ড ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যাও।
মঙ্গলবার রাতে সরিষাবাড়ীতে কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইয়াসিন আরাফাত নামে ১৪ মাস বয়সী এক শিশুর। নিহত ওই শিশু উপজেলার সাতপোয়া ইউনিয়নের সাতারিয়া গ্রামের মো. স্বপন মিয়ার ছেলে।
জামালপুরের সিভিল সার্জন ডা. গৌতম রায় জানান, মঙ্গলবার রাতে কোল্ড ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সাতারিয়া গ্রামের ইয়াসিন আরাফাত নামে এক শিশুকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই রাত সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
