মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিদ্যুৎস্পৃষ্টে আহত হওয়া একটি বানরকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছে।
বুধবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ বানরটিকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ জানান, গত বুধবার সন্ধ্যায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অভ্যন্তরে নুর জাহান চা বাগানের প্রবেশমুখে সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বানরটি গুরুতর আহত হয়। পরে স্থানীয় বন বিভাগ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের চিকিৎসাকেন্দ্রে পাঠান হয়। আহত বানরটি সিংহ প্রজাতির।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক তবিবুর রহমান জানান, বানরটি সাফারি পার্ক কর্তৃপক্ষ বুঝে নিয়েছে। তাকে সুস্থ করতে ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টে বানরের দুই হাত ও দুই পা আগুনে ঝলসে গেছে। বানরটি হাত দিয়ে খাবার মুখে নিতে পারছে না, এতে সে অনেকটা দুর্বল হয়ে পড়েছে।
তিনি আরো জানান, ১০ জানুয়ারি ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে বিদ্যুৎস্পৃষ্টে আহত তিনটি বানর চিকিৎসার জন্য এ পার্কের চিকিৎসাকেন্দ্রে আনা হয়েছিল। চিকিৎসা শেষে সে বানরগুলো এখন সম্পূর্ণ সুস্থ। শিগগিরই এ প্রাণীগুলোর ছাড়পত্র দিয়ে তাদের আপন ঠিকানায় অবমুক্ত করে দেওয়া হবে।
