আমি নিজেও আ.লীগ করি, কিন্তু কিছু করার নেই: কাউন্সিলর প্রার্থী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৯ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, তার মেয়ে ও সমর্থকদের দল সমর্থিত প্রার্থীর ছেলে ও তার সমর্থকরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নৌকার কাউন্সিলর প্রার্থী তেজগাঁও থানা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল্লাহ আল মঞ্জুর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন কাঞ্চনের সমর্থকদের এ ঘটনা ঘটে।

মিষ্টি কুমড়া প্রতীকের প্রার্থী মঞ্জুর ছেলে ব্যাডমিন্টন র‌্যাকেট প্রতীকের প্রার্থী কাঞ্চন, তার মেয়ে নাজলি সঞ্চারী এবং তাদের সমর্থক ও পোলিং এজেন্টদের মারধর করে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাজলি সঞ্চারী বলেন, কাউন্সিলর প্রার্থী মঞ্জুর ছেলে আমাকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তিনজনের মাথা ফাটিয়ে দিয়েছে। পোলিং এজেন্টদের কাগজপত্র ছিঁড়ে ফেলেছে।

কাঞ্চন বলেন, ‘ওরা আমাকে মেরে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। আমি নিজেও আওয়ামী লীগ করি। কিন্তু কিছু করার নেই। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে, আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী মোকসেদ আলী মোকসুকে নিজ বাসায় বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ঘুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা কাউন্সিলর প্রার্থী শেখ জিয়াউর রহমান বাবু বলেন, ‘কোনো কেন্দ্রে আমার কোনো পোলিং এজেন্ট নেই। কাগজপত্র রেখে তাদের সবাইকে সাড়ে ৭টার দিকে বের করে দেয়। কী ভোট হবে কিছুই জানি না।’

এই উচ্চ বিদ্যালয়ে ১০টি কেন্দ্র। তবে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১০-১৫ বুথে কোনো ভোট পড়েনি। সংঘর্ষের খবরে ভীত হয়ে ভোটাররা কেন্দ্রে আসছে না বলে ধারণা করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রদ্যুৎ বলেন, ‘কেন্দ্রের বাইরে কিছু ঝুট-ঝামেলা হয়েছে, কেন্দ্রের ভেতরে নয়। আমরা কেন্দ্রের ভেতরের নিরাপত্তার দায়িত্বে আছি, বাইরের নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত