পুরান ঢাকায় গেন্ডারিয়ায় ফরিদাবাদ মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই সংবাদকর্মীকে আটকে রাখলেন গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম খান রিয়াদ।
শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় ফরিদাবাদ মাদ্রাসা কেন্দ্রে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে পেশাগত দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মাহবুব মমতাজি ও দ্য বিজনেস স্টান্ডার্ডের নুরুল আমিন।
এ বিষয়ে মাহবুব মমতাজি দেশ রূপান্তরকে বলেন, “নির্বাচনের তথ্যের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ মাদ্রাসা কেন্দ্র ভোটার সাক্ষাৎকার নিলে আমাদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে কেন্দ্রে আটকে রাখে। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় তারা।”
আরও বলেন, “ফরিদাবাদ মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তারিকুল ইসলামকে এ বিষয়ে বললে তিনি বলেন, আমি কিছু করতে পারবো না ডিসিকে বলেন। পরে পুলিশের এক বড় কর্মকর্তাকে ফোন দিয়ে আমরা সেখান থেকে ছাড়া পায়।”
সঙ্গে সঙ্গে কয়েকটি গণমাধ্যমের কর্মীরা তাদের উদ্ধারে আসে বলেও জানান মাহবুব মমতাজি।
