কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৪ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাখিউড়া সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার ভোরে ভারত থেকে গরু আনতে যায় জামাল (১৯) নামের ওই যুবক। বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে নিহত হয় জামাল। এ ঘটনার পর গুলিবিদ্ধ জামালকে তার পরিবারের লোকজন উদ্ধার করে। মামলা এড়ানোর ভয়ে লুকিয়ে রাখে জামালের মরদেহ। পরে শনিবার বিকেলে জামালের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে কচাকাটা থানা পুলিশ।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান  ও স্থানীয়রা জানায়, শনিবার ভোরে পাখিউড়া সীমান্ত পথে গরু চোরাচালান করতে গিয়ে জামাল গুলিবিদ্ধ হয়। ঘটনার পরপরই গুলিবিদ্ধ জামালকে নিয়ে তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে গা ঢাকা দেয়। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেলে তার বাড়ি তল্লাশি করে লাশ উদ্ধার করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে জামালের মৃত্যু হয়। বিকেলে  মরদেহ বাড়িতে নিয়ে আসে তার পরিবার। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। নিহত জামাল কালাইয়ের চর গ্রামের লুৎফর রহমানের ছেলে বলে জানায় পুলিশ।

কুড়িগ্রাম ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মোহাম্মদ জামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত