সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ২০২০ সালের মাধ্যমিক ও দাখিল পরীক্ষার প্রশ্নের কপি সরবরাহের প্রচার চালানোর অভিযোগে গাজীপুরে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে মহানগরীর বাসন থানার ইটাহাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল হোসেন আমান (২০) বগুড়ার ধুনট থানার এলাঙ্গী এলাকার শহীদুল হকের ছেলে। আমান ভাওয়াল বদরে আলম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসন থানার ওসি নন্দলাল চৌধুরী জানান, সম্প্রতি ‘নাহিয়ান সানভি’ নামের ফেইসবুক আইডি থেকে ২০২০-এর মাধ্যমিক ও দাখিল পরীক্ষার বোর্ড প্রশ্নের কপি আগাম প্রদান করা হবে বলে প্রচারণা চালানো হয়। একটি মোবাইল নম্বর ও একটি বিকাশ অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে ওই আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয়, ‘এসএসসি পরীক্ষা-২০২০-এর প্রশ্ন যাদের লাগবে তারা দ্রুত মেসেজ দাও। অল বোর্ড ১০০% প্রশ্নের মূলকপি সরবরাহ করা হবে। দাখিল পরীক্ষা-২০২০-এর ১০০% প্রশ্ন যাদের লাগবে তারা বিকাশে টাকা পাঠিয়ে ইনবক্স-এ যোগাযোগ করো। এসব প্রশ্ন নিতে হলে রিয়েল আইডি দিয়ে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে মেসেজ দাও।’
পরে প্রযুক্তির সহায়তায় ওই আইডির ব্যবহারকারী আমানকে শুক্রবার রাতে ইটহাটা এলাকার মিলন হোসেনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বাসন থানায় শুক্রবার রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে বলেও ওসি জানান।
