দিনাজপুরের বিরামপুরে ডিএনএ পরীক্ষায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের প্রমাণ মিলেছে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় সবুজ ইসলাম (২৪) নামের এক তরুণ ধর্ষণ করে প্রতিবেশী ষষ্ঠ শ্রেণির (১৩) এক মাদ্রাসাছাত্রীকে। এ ঘটনার মামলায় পুলিশ সবুজকে গ্রেপ্তার করে।
মামলা ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সবুজ ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত বছর ১ জুলাই ছাত্রীটি গ্রামের পার্শ্ববর্তী চাচার বাড়ি যাওার সময় সবুজ কৌশলে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গেলে সবুজ পালিয়ে যায়। পরের দিন এ ঘটনায় ছাত্রীর বাবা সবুজকে আসামি করে বিরামপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ইয়াকুব আলী জানান, ১৪ জুলাই এম আবদুর রহিম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ ওই ছাত্রীকে ধর্ষণের কোনো আলামত পায়নি বলে প্রতিবেদন দেয়।
বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ফরেনসিক প্রতিবেদনে ধর্ষণের আলামত না পাওয়া গেলেও পরে আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার জন্য নিমুনা পাঠানো হয়। এতে সবুজ ধর্ষণ করেছে বলে প্রমাণ মেলে।
