মেসির সাবেক সতীর্থ খেলবেন বসুন্ধরা কিংসে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৬ পিএম

এক মৌসুম আগে দেশের ফুটবলের শীর্ষ স্তরে নাম লেখায় বসুন্ধরা কিংস। প্রথম মৌসুমেই দলটি জিতে নিয়েছে লিগ শিরোপা। ২০১৮-১৯ মৌসুমে ক্লাবটির জার্সি গায়ে খেলেছেন রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকার হয়ে খেলা প্লে-মেকার দানিয়েল কলিনদ্রেস। এবার আরেকটি চমক দিচ্ছে ক্লাবটি।

আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির সাবেক সতীর্থ হার্নান বার্কোসকে দলে ভেড়াতে যাচ্ছে বসুন্ধরা। ৩৫ বছরের এই স্ট্রাইকার বুধবার সকালে ঢাকায় পৌঁছাবেন। জানিয়েছেন কিংস সভাপতি ইমরুল হাসান।

মার্চে এএফসি কাপের গ্রুপপর্বের ম্যাচকে সামনে রেখে একজন উঁচুমানের স্ট্রাইকারের সন্ধানে নামে ক্লাবটি। সেই চিন্তা থেকেই বার্কোসকে আনা।

গেল জানুয়ারিতে কলম্বিয়ার শীর্ষ লিগের দল আতলাতিকো নাসিওনালের সঙ্গে চুক্তি শেষ হয়েছে আর্জেন্টিনার হয়ে চারটি ম্যাচ খেলা বার্কোসের। আতলাতিকো নাসিওনালের হয়ে গেল মৌসুমে ৪২ ম্যাচে ১১ গোল করেছেন তিনি।

বসুন্ধরার সঙ্গে তার চুক্তি ১০ মাসের। মৌসুমের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হতে যাচ্ছেন বার্কোস, এমনটাই জানিয়েছেন ইমরুল হাসান। নির্দিষ্ট করে যদিও পারিশ্রমিকের অঙ্কটা বলেননি।

তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ব্রাজিলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই স্ট্রাইকারকে আনতে কিংসকে প্রতি মাসে গুনতে হবে ২০ হাজার ডলার। টাকায় যা প্রায় ১৭ লাখ টাকা!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত