যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনা প্রকাশের পর গত শনিবার ফিলিস্তিন কর্র্তৃপক্ষ এমন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে এএফপি।
তবে বিশ্লেষকরা বলছেন, মাহমুদ আব্বাস এর আগেও এমন ঘোষণা দিয়েছিলেন। এবারের ঘোষণা বাস্তবে কতটা প্রয়োগ হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্যবিষয়ক অনেক বিশ্লেষক।
আরব লিগ ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা প্রত্যাখ্যান করার পরই আব্বাস এমন ঘোষণা দিলেন। ঘোষণায় তিনি বলেন, ‘আমরা আপনাদের জানাচ্ছি যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিনের আর কোনো সম্পর্ক থাকছে না। এই দেশ দুটির সঙ্গে আর কোনো নিরাপত্তা সহযোগিতাও থাকছে না।’
২০১৭ সালের জুলাইয়ে এমন ঘোষণা আরও একবার দিয়েছিলেন আব্বাস। কিন্তু এর পরের বছরই আবার ইসরায়েলের সঙ্গে যোগাযোগ শুরু করে ফিলিস্তিন প্রশাসন। জেরুজালেমে আল আকসা কম্পাউন্ড নিয়ে ওই যোগাযোগ শুরু হয়।
