এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র এ এসপি মিজানুর রহমান বাসসকে জানান, রাজধানীর রামপুরা, গাজীপুর ও খুলনায় পৃথক অভিযানে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্যকে সোমবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ পরীক্ষার্থী। এ ছাড়া বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষা দেবে ৩৪২ জন।
চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্র বৃদ্ধি পেয়েছে। তবে ৮৭ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী কমেছে। এবার ৩ হাজার ৫১২ কেন্দ্রে ২৮ হাজার ৮৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে।
এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন। যার মধ্যে ছাত্রী ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন। দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন। এর মধ্যে ছাত্রী ১ লাখ ৪৭ হাজার ১১৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন অংশ নিচ্ছে।
