ধর্ম নিয়ে কটূক্তি করায় পালা গানের শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে।
সোমবার ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এই অভিযোগ দায়ের করেন।
ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। বিচারক অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান মহান আল্লাহকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ইউটিউবে সেই পালা গানের ভিডিও ছড়িয়ে পড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনেন আইনজীবী ইমরুল হাসান।
এদিকে গানটি ইউটিউবে ছড়িয়ে পড়ার পর বিরূপ সমালোচনার মুখে গত শনিবার ক্ষমা চেয়েছেন বাউলশিল্পী রিতা দেওয়ান।
