মাদারীপুরে সাড়ে তিন বছরের এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ওই শিশুর বাবা রোববার রাতে রাজৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ দায়েরের পর রোববার রাত ১১ টার দিকে নির্যাতনকারী আসমত আলী খান (৫৫) কে উপজেলার কবিরাজপুর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। আসমত আলী খান শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি পালপাড়া এলাকার আজিজ খানের ছেলে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে টেকেরহাট বন্দরের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আসমত আলী খান তার ছেলে সাইদুল খানের টেকেরহাট আবাসিক এলাকায় ভাড়া বাসায় বেড়াতে আসে। এ সময় পাশের রুমের ভাড়াটিয়ার সাড়ে তিন বছরের ওই শিশুকন্যাকে কৌশলে ডেকে নিয়ে উচ্চস্বরে সাউন্ড বাজিয়ে যৌন নির্যাতন করেন। পরে শিশুটি তার মায়ের কাছে গিয়ে ব্যথা করছে বলে জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সালিস মীমাংসার চেষ্টা চালায়। শিশুটির পরিবার সালিস মীমাংসা মেনে না নিয়ে ঘটনার তিন দিন পর রোববার বিকেলে শিশুকে নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. অখিল সরকার বলেন, ধর্ষণের অভিযোগে একটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তার চিকিৎসা দিচ্ছি এবং তার আলামত সংগ্রহ করা হয়েছে।
রাজৈর থানার অফিসার-ইনচার্জ খোন্দকার শওকত জাহান বলেন, এ ব্যাপারে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আসমতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
