পাকিস্তান সফরে টেস্ট খেলতে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে মাঠে নেমেছিলেন জাতীয় দলের তারকারা। রাওয়ালপিন্ডি টেস্টের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ব্যাটে-বলে প্রস্তুতিটা খারাপ হয়নি সেখানে।
প্রথম তিন দিনে তামিম ইকবাল ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, মুমিনুল হক, মাহমুদউল্লাহ সেঞ্চুরি পেয়েছিলেন। তাইজুল ইসলাম পেয়েছিলেন ৫ উইকেট। শেষ দিনে লিটন দাস অপরাজিত সেঞ্চুরি ও নাঈম হাসান ৬ উইকেট শিকার করে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতি সেরেছেন দারুণভাবে।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে ৬ উইকেট শিকার করেন পূর্বাঞ্চলের স্পিনার নাঈম। তামিম-মুমিনুলের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে তার বোলিং নৈপুণ্যে ইনিংস ব্যবধানে হার মানে মধ্যাঞ্চল।
২৯ ওভার বল করে ৮৫ রান খরচায় ৬ উইকেট নেন নাঈম। প্রথম ইনিংসে পেয়েছিলেন ২ উইকেট। তবে ৫ উইকেট পেয়ে উজ্জ্বল ছিলেন তাইজুল।
এদিকে ইনিংস ও ৯ রানে হারের আগে মধ্যাঞ্চলের হয়ে লড়াই করেছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও তাইবুর রহমান। প্রথম দুজন আছেন পাকিস্তান টেস্টের দলে। মিঠুন ৮৩, শান্ত ৫৪ ও তাইবুর ৬২ রান করেন।
অন্যদিকে চট্টগ্রামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ম্যাচ বাঁচাতে হলে সারা দিন ব্যাট করতে হতো উত্তরাঞ্চলকে। অপরাজিত সেঞ্চুরিতে সেই কাজটা সহজ করে দেন লিটন। ১৬৮ বলে ৯ চার ও ২ ছক্কায় অপরাজিত ১০৩ রান করেন তিনি।
