ইদলিবে তুর্কি বাহিনীর হামলায় ৩০ সিরীয় সেনা নিহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৪ পিএম

ইদলিবে তুর্কি বাহিনীর হামলায় ৩০ থেকে ৩৫ জন সিরীয় সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।

আলজাজিরা জানায়, সোমবার সিরিয়ায় ইদলিবে আসাদ বাহিনীর গোলাবর্ষণে তুর্কি বাহিনীর ছয়জন নিহত হয়। আহত হয় আরও ৭ জন।

এই ঘটনায় পালটা হামলা চালায় তুর্কি বাহিনী। এরদোয়ান দাবি করেন, হামলায় অন্তত ৩০ থেকে ৩৫ জন সিরীয় সেনা নিহত হয়েছে।

তিনি বলেন, যখন আমাদের সেনারা নিহত হয় তখন আমাদের পক্ষে চুপ থাকা সম্ভব না।

তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, তুর্কি সেনারা ইদলিবসহ সিরিয়ার তিনটি প্রদেশে গোলাবর্ষণ করে। এতে সিরীয় সেনার নিহতের সংখ্যা ৮।

রোববার অঞ্চলটিতে রাশিয়ার বিমান হামলার সহায়তায় সিরীয় বাহিনী অভিযান চালায়। এরদোয়ান জানান, সিরীয় বাহিনীর হামলায়  ইদলিব থেকে ১০ লাখেরও কাছাকাছি মানুষ তুরস্ক সীমান্তে চাপ বাড়াচ্ছে।

এমন পরিস্থিতিতে তুরস্ক সেনাবাহিনীর বিশাল একটি বহর সিরিয়ায় প্রবেশ করে। ইদলিবে অন্তত ১২টি জায়গায় তারা অবস্থান নেয়।

 তুর্কি সেনাদের অবস্থান সম্পর্কে জানানো সত্ত্বেও সিরীয় বাহিনী তাদের ওপর হামলা চালিয়েছে।

যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সর্বশেষ অঞ্চল ইদলিব। ভয়াবহ যুদ্ধের মুখে ইতিমধ্যে অঞ্চলটি জনশূন্য হয়ে পড়েছে। ৩০ লাখ বাসিন্দার শহরটির বিপুলসংখ্যক মানুষ সিরিয়ার অন্য অংশে আশ্রয় নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত