চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে খেলতে পারেননি মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। দুজনই ভুগছিলেন হ্যামস্ট্রিংয়ের চোটে। তবে দ্বিতীয় রাউন্ডের আগেই সেরে ওঠায় দুজনই খেলার জন্য ছাড়পত্র পাচ্ছেন চিকিৎসকের কাছ থেকে।
সব ঠিক থাকলে তাই শুক্রবার থেকে শুরু বিসিএলের দ্বিতীয় রাউন্ডে এই দুজনকে মাঠে দেখা যাবে। মুশফিক খেলবেন বিসিবি উত্তরাঞ্চলের হয়ে। ইমরুল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে।
শুক্রবার থেকে শুরু হবে রাওয়ালপিন্ডি টেস্টও। বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্ট খেলবে পাকিস্তানের বিপক্ষে। মুশফিকুর রহিম পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আগেই। ইমরুল নির্বাচকদের বিবেচনায় থাকলেও চোটের কারণে যেতে পারেননি।
রাওয়ালপিন্ডি টেস্টের প্রস্তুতি হিসেবে প্রথম রাউন্ডে খেলেছেন জাতীয় দলের প্রায় সব তারকারাই। মুশফিক-ইমরুলের ক্ষেত্রে চোট বিপত্তি বাধায়। মঙ্গলবার বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানালেন দুজনের চোটের বর্তমান অবস্থা।
দেবাশিষ চৌধুরী বলেন, ‘মুশফিকের চোট গ্রেড-ওয়ান হওয়ায় আমরা ধারণা করেছিলাম, সুস্থ হতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত লাগবে। ইমরুলের চোটে আরও সময় লাগতে পারত। আজ দুজনেরই পরীক্ষা নেওয়া হয়েছে। খুব সন্তোষজনকভাবে ওরা পরীক্ষায় উতরে গেছে। এখন দুজনই খেলার জন্য ফিট আছে।’
এদিকে চোটের কারণে দীর্ঘ দিন ধরেই মাঠের বাইরে মোহাম্মদ সাইফউদ্দিন। এই অলরাউন্ডারও ফেরার অপেক্ষায়। তৃতীয় রাউন্ড থেকে মাঠে ফেরার ব্যাপারে আশার কথা জানিয়েছেন তিনি।
