সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের হাওরপাড় ঘেঁষা ৫ কিলোমিটার সড়কের পাশে প্রায় দুই শতাধিক গাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তাহিরপুর উপজেলার আনোয়ারপুর-চিকশা এলাকায় শনির হাওরের পাড় ঘেঁষে ৫ কিলোমিটার সড়কে গত ২৫ বছর ধরে বেড়ে ওঠা এই বৃক্ষগুলো গত কয়েক দিনে দুর্বৃত্তরা কেটে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, সড়ক ও জনপথ বিভাগের ব্যবস্থাপনায় সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের প্রশস্তকরণের কাজ চলছে। এ সড়কের আনোয়ারপুর সড়কের ৫ কিলোমিটার অংশে কাজ করার সুবিধার্থে কিছু গাছ কাটার জন্য নির্দেশ দেয় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ ও স্থানীয় বন বিভাগ। এরপর যেসব গাছগুলো কাটা হবে তা মার্ক করে দেয় বন বিভাগ। কিন্তু গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত সড়কের ঠিকাদারদের শ্রমিক পরিচয় দিয়ে অনেকে সড়কের পাশে থাকা দুই শতাধিক গাছ কেটে নিয়ে যায়।
সড়কের কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান এর ব্যবস্থাপক আব্দুল ওয়াহিদ বলেন, গাছগুলো আমাদের কেউ কাটেনি। যেসময় গাছগুলো কাটা হয়েছে বলা হচ্ছে তখন আমাদের সড়কের কাজ বন্ধ ছিল। এই সড়কে শ্রমিক হিসাবে যারা কাজ করছে তারা প্রায় সকলেই হোসেনপুর ও দক্ষিণকুলসহ স্থানীয় বাসিন্দা। তারা হয়তো কিছু গাছ কেটে নিয়েছে। তবে আমরা কাউকে গাছ কাটতে বলিনি।
বালিজুরি ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া জানান, গাছগুলো এই সড়কের আশপাশের গ্রামের মানুষজন কেটে নিয়ে যাচ্ছে বলে খবর পেয়ে আমরা বন বিভাগকে জানিয়েছি কিন্তু তারা এগুলো রক্ষার কোন উদ্যোগ নেয়নি।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা বলেন, হাওরের পরিবেশে রক্ষায় আমরা যেখানে গাছ লাগাচ্ছি, সেখানে এতগুলো গাছ কেটে নেওয়া এটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। যারাই গাছগুলো কেটেছে দ্রুত এদের আইনের আওতায় আনতে হবে। এদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী ওসমান মিয়া বলেন, সড়ক প্রশস্তকরণের জন্য কিছু গাছ মার্ক করা ছিল, কিন্তু কোনো নির্দেশনা ছাড়াই সবগুলো গাছ কেটে ফেলায় আমি নিজেও অবাক হয়েছি। ঠিকাদারদের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।
তাহিরপুর উপজেলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বীরেন্দ্র কিশোর বলেন, সড়কে কাজ করার সময় কয়েকটি গাছ কাটার জন্য বলা হয়েছিল। আমরা সেগুলো চিহ্নিত করেছিলাম। কিন্তু পুরো সড়কের গাছ কারা কাটল জানি না। সড়কের উন্নয়নে যারা কাজ করছে, তাদেরও দায়িত্ব ছিল গাছগুলো দেখে রাখার।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, আনোয়ারপুর-চিকশা সড়কে অনেকগুলো গাছ কোনো কারণ ছাড়াই কাটা হয়েছে শুনে আমরা পুলিশ পাঠিয়েছি। ওখানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। দ্রুত এসব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
