যুক্তরাষ্ট্রে রেকর্ড উদ্বাস্তু শিক্ষার্থী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রে গত এক দশকের মধ্যে গৃহহীন শিক্ষার্থীদের সংখ্যা রেকর্ড মাত্রায় পৌঁছেছে বলে নতুন এক গবেষণার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি। গৃহহীন হওয়ার পরেও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া এই শিক্ষার্থীদের সংখ্যা পনেরো লাখের বেশি।

ন্যাশনাল সেন্টার ফর হোমলেস এডুকেশনের গবেষণা বলছে, গৃহহীন এই শিক্ষার্থীদের ৭ শতাংশ বাস করে পরিত্যক্ত বাড়ি অথবা গাড়িতে। চাকরির অনিশ্চয়তা, গৃহায়নের অধিক ব্যয়, পারিবারিক সহিংসতা ও আফিম সমস্যার কারণে এই গৃহহীন শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। নির্দিষ্ট কোনো ঠিকানা না থাকা শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও স্বাস্থ্যের জন্য নেতিবাচক প্রভাব ডেকে আনে।

২০০৪-০৫ সালেও যুক্তরাষ্ট্রে গৃহহীন শিক্ষার্থীদের সংখ্যা ছিল ছয় লাখ আশি হাজার। কিন্তু ২০১৭-১৮ সালে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে যায়। যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে গৃহহীন শিক্ষার্থীদের সংখ্যা বাড়ার অন্যতম কারণ জাতীয় গৃহায়ন সমস্যা। কয়েক লাখ মানুষ তাদের উপার্জনের অর্ধেকই ব্যয় করে শুধু আবাসনের পেছনে। আরও অনেকে আছেন যাদের উপার্জন এতটাই সীমিত যে ঘর ভাড়া নিয়ে থাকতে পারেন না। বাসা ভাড়া বৃদ্ধি ও আবাসন সংকটের কারণে ক্যালিফোর্নিয়ার হাজার হাজার মানুষ ক্যারাভ্যানে বাস করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত