বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। অবশ্য বিশ্বকাপের পর টাইগাররা ওয়ানডে সিরিজ খেলেছে মাত্র একটি। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজে চোটের কারণে ছিলেন না মাশরাফী।
যেহেতু টি-টোয়েন্টি থেকে মাশরাফী অবসর নিয়েছেন ২০১৭ সালে। আর টেস্ট খেলেন না ২০০৯ সাল থেকে। তাই আন্তর্জাতিক ক্রিকেটেও তাকে আর দেখা যায়নি।
তবে সামনে জিম্বাবুয়ে সিরিজ। আর এই সিরিজের আগেই ওয়ানডে অধিনায়কের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার হয়ে হতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এ জন্য পাকিস্তানে একমাত্র টেস্ট খেলে ফিরেই মাশরাফীর সঙ্গে বসবেন কোচ রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়ালের বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে ক্রিকবাজ।
এ মাসের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে টাইগারদের। ঘরের মাঠে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। বিসিবি তার আগে মাশরাফীর ভাবনা সম্পর্কে পরিষ্কার হতে চায়।
৩৬ বছর বয়সী মাশরাফীর সঙ্গে এরই মধ্যে একবার বৈঠক করেছেন কোচ রাসেল ডমিঙ্গো ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে সেই আলোচনা তেমন ফলপ্রসূ হয়নি বলেই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান।
ক্রিকবাজকে আকরাম বলেন, ‘আমাদের প্রধান কোচ পাকিস্তান থেকে ফিরে ওর (মাশরাফী) সঙ্গে বসবে। গত শুক্রবার কোচ ও নির্বাচকের সঙ্গে মাশরাফীর কথা হয়েছে। কিন্তু কোনো উপসংহার ছাড়াই সেই আলোচনা শেষ হয়।’
আকরাম যোগ করেন, ‘আমাদের অবশ্যই তার পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার হতে হবে। যেহেতু তিনি মিটিংয়ে কিছু পরিষ্কার করেননি।’
২০১৯ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে থেকেই মাশরাফীর অবসর নিয়ে আলোচনা হচ্ছিল। নিজের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এটি মাশরাফী নিজের মুখে বলেছেন। তবে অবসরে যাওয়া নিয়ে নির্দিষ্ট করে কখনো কিছু বলেননি।
২০২০ সাল মেয়াদে খেলোয়াড়দের সঙ্গে বিসিবির চুক্তির তালিকা থেকে মাশরাফী নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কিছুদিন আগে। তবে জানিয়ে দেন, খেলা তিনি চালিয়ে যেতে যান। আর কোনো বিদায়ী সংবর্ধনা চান না বলেও জানান দেশের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক।
বিসিবি অবশ্য বরাবরই বলে আসছে মাশরাফীকে বিদায়ী সংবর্ধনা দিতে তৈরি তারা। তবে কি জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফীকে বিদায় দিতে চায় বিসিবি?
