করোনাভাইরাসের ভয় দেখিয়ে ধর্ষণ থেকে বাঁচল তরুণী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৫ পিএম

পুরো চীনে হানা দিয়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্বও। তবে করোনাভাইরাসটির কারণেই ধর্ষণ থেকে বেঁচে গেলেন এক নারী।

টাইমস অব ইন্ডিয়া জানায়, চীনের জিংসানে এই ঘটনা ঘটে। বাড়িতে একাই ছিলেন ওই তরুণী। ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে জিয়াও নামে এক চোর।

ঘরের জিনিসপত্র চুরি করে বের হয়ে যাওয়ার সময় ওই তরুণীকে ধর্ষণ করতে যায় জিয়াও। নিজেকে বাঁচাতে ওই তরুণী দাবি করেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। কিছুদিন আগে উহান থেকে ফিরেছেন তিনি। চীনের হুবেই প্রদেশের শহরটি থেকে ভাইরাসটির উৎপত্তি।

ধর্ষণ থেকে বাঁচতে তিনি আরও বলেন, তার রক্তে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ায় বাড়িতে একা রয়েছেন তিনি। এমন সময় তিনি বারবার কাশতেও থাকেন। এতে ভয় পেয়ে যায় জিয়াও।

তরুণীর কথা বিশ্বাস করে ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে পালায় ওই চোর।

পরবর্তীতে তরুণীর অভিযোগের ভিত্তিতে জিয়াওকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধের কথা স্বীকার করে সে।

এদিকে করোনাভাইরাসে চীনে এখন পর্যন্ত ৪৯০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩২৪ জন।

যে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, সেখানেই মারা গেছে সবচেয়ে বেশি, ৪৭৯ জন। আক্রান্ত ১৬ হাজার ৬৭৮ জন।

মঙ্গলবার নতুন আক্রান্তদের সংখ্যা আগের তুলনায় একটু কম ছিল। ২৯ জানুয়ারি থেকে প্রতিদিন গড়ে হাজার চারেক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিন ৩ হাজার ৯৭১ জনের খবর পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত