মোদির ‘দখলদারির’ কারণেই কাশ্মীরে স্বাধীনতা আসবে: ইমরান

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৫ পিএম

জম্মু-কাশ্মীরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ অঞ্চলটিকে স্বাধীনতার দিকেই নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ডন জানায়, বুধবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের পার্লামেন্টে বক্তব্য দেন ইমরান খান। এদিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রতি সংহতি দিবস পালন করে পাকিস্তান।

বক্তব্য পাক প্রধানমন্ত্রী জানান, জম্মু-কাশ্মীরের ওপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দখলদারির ফলে অঞ্চলটি স্বাধীনতা অর্জন করতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন। 

ইমরান বলেন, ‘তিনি (মোদি) যদি এমন কাজ না করতেন তাহলে বিশ্ববাসীর কাছে আমরা কিছু বলতে পারতাম না। এখন তিনি এমন মারাত্মক ভুল  করলেন যে, যা থেকে তার ফেরত আসার আর সুযোগ নেই।’

তিনি বলেন, ‘কাশ্মীর এখন স্বাধীনতার দিকে এগিয়ে যাবে বলে আশা করছি। আমাদের কাজ হচ্ছে, উপত্যকায় কী ঘটছে সেটি আন্তর্জাতিক অঙ্গনের সব জায়গায় জানানো। কাশ্মীরের ওপর তারা (ভারত) এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চালাতে পারবে না। কারণ, এতে অন্তত ৮০ লাখ মানুষকে তাদের উন্মুক্ত কারাগারে রাখতে হবে।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধান থেকে ৩৭০ ধারা রদ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। সেসময় কাশ্মীরে কঠোর নিরাপত্তা পরিস্থিতি জারি করে, যা এখনো তুলে নেয়া হয়নি।

বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা হয় কয়েকশ কাশ্মীরিকে। যাতে আছেন উপত্যকার সাবেক তিন মুখ্যমন্ত্রীসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত