দিনাজপুরের ঘোড়াঘাটে শিশু পরশ সাহা ওরফে পরশ (৪) হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হযেছে।
বুধবার বিকেলে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফউদ্দীন আহমেদ এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন ঘোড়াঘাট উপজেলার কাদিমনগর গ্রামের জিল্লyর রহমান (২০) ও জুয়েল ইসলাম (২৭), কামাল উদ্দীন (৪৮) ও তার ছেলে মো. মামুনুর রশিদ ওরফে মামুন (২২) ও ফেরদৌস আলী।
খালাসপ্রাপ্তরা হলেন বলদিয়াপাড়ার তারা মিয়া (৪৫), কাদিমনগর গ্রামের মোছা. অন্তরা (১৯), নুর বানু (৪৫), শেফালী বেগম (৪৮)।
২০১৫ সালের ১০ নভেম্বর বিকেলে ঘোড়াঘাট কাদিমনগর মন্দিরের সামনে থেকে ওই গ্রামের কেশব রায় সাহার ছেলে পরশকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। মুক্তিপণ না পেয়ে তাকে গলা টিপে হত্যা ও একটি চোখ তুলে নেওয়া হয়। পরদিন ১১ নভেম্বর সকালে পরশের লাশ ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থানের পাশে লালবাবুর আমবাগান থেকে উদ্ধার করা হয়। ঘোড়াঘাট থানায় নিহত শিশুর পিতা কেশব সাহা বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিসি) মেহবুব হাসান চৌধুরী লিটন ও আসামিপক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম।
