রামমন্দির নির্মাণে ট্রাস্ট গঠনের ঘোষণা মোদির

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩২ পিএম

সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বুধবার লোকসভায় তিনি এ ঘোষণা দেন বলে এনডিটিভি জানিয়েছে।

লোকসভায় মোদি বলেন, ‘আমার সরকার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এটি রামমন্দির নির্মাণ ও সংশ্লিষ্ট ইস্যুগুলোর ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে।’

মোদির এমন বক্তব্যের সঙ্গে সঙ্গে লোকসভার সরকারি দলের সদস্যরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন। এ সময় মোদি আরও বলেন, ‘আসুন অযোধ্যায় জাঁকাল রামমন্দির নির্মাণে আমরা সবাই সমর্থন দিই।’

বাবরি মসজিদ-রাম জন্মভূমি নিয়ে করা ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়ে গত নভেম্বরে সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দিয়েছিল, তা মেনেই ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

আদালতের ওই রায়ে বলা হয়েছিল, অযোধ্যার বিতর্কিত পৌনে তিন একরের ওই স্থানে মন্দির হবে, তবে তা হবে একটি ট্রাস্টের অধীনে। আর মসজিদের জন্য কাছাকাছি অন্য স্থানে পাঁচ একর জমি দিতে হবে সরকারকে। মোদি জানান, মুসলিম ওয়াকফ বোর্ডকে অযোধ্যার ওই পাঁচ একর জায়গা হস্তান্তরে আগ্রহী উত্তর প্রদেশ সরকার।

সুপ্রিম কোর্ট রামমন্দির নির্মাণে ট্রাস্ট গঠনের জন্য ভারতের সরকারকে তিন মাস সময় দিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত