চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় ডাকাত সদস্যদের কাছ থেকে উদ্ধার হয়েছে বড় চারটি ধারালো দা।
গ্রেপ্তাররা হলেন- শহরের মুক্তিপাড়ার ইনতাজুল হকের ছেলে স্বাধীন (২২), পূজাতলা পাড়ার কৃষ্ণর ছেলে নিপুন সাহা (২০) ও শেকড়াতলা মোড় এলাকার নওশাদ আলীর ছেলে লিখন (২৫)।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, শহরের ঘোড়ামারা ব্রিজ এলাকার চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কে ৮/১০ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে সদর থানা ও শহর ফাঁড়ি পুলিশের যৌথ একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পরে স্বাধীন, লিখন ও নিপুন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি বড় বড় হাঁসুয়া।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে শহরে ভালো মানুষের বেশে চলাফেরা করলেও রাতে জেলার বিভিন্ন সড়কে ডাকাতি করতো। এই চক্রের তিন সদস্য গ্রেপ্তারের পর বাকি সদস্যকেও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
