শাজাহান খানের ছেলের অংশগ্রহণে বাউল রীতা দেওয়ানের শাস্তি দাবি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৫ পিএম

পালা গানের আসরে ‌‘ধর্ম অবমাননা’ করায়’ বাউল রীতা দেওয়ানের বিচার দাবি করে মাদারীপুরে মানববন্ধন করেছে ক্রীড়া সংগঠন আছমত আলী খান মডার্ন ক্রীড়া চক্র। সাবেক মন্ত্রী ও মাদারীপুর সদরের সংসদ সদস্য শাজাহান খানের বাবা প্রয়াত আছমত আলী খানের নামে গড়ে উঠেছে এই ক্রীড়া সংগঠনটি। 

বৃহস্পতিবার সকালে মাদারীপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শতাধিক শিক্ষার্থী, সংগঠক, জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি’র ছেলে আসিবুর রহমান খান এতে বক্তব্য রাখেন।  

আরো বক্তব্য রাখেন ছাত্রলীগ ও যুবলীগের তানভীর মাহমুদ আবির, কাজী রিপন, তুষার হাওলাদার, সাইফুল আজাদ ফরাজি, কাজী রুবেল, তুহিন দর্জী, পিয়াস, দিনার প্রমুখ। মানববন্ধনে অবিলম্বে রীতা দেওয়ানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

জানা গেছে, পালা গানের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বাউল শিল্পী রীতা দেওয়ানের বিরুদ্ধে ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান। ঢাকা মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেছেন অভিনেতা রাসেল মিয়া।

এ বিষয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন ও ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী পৃথক আদেশে মামলা দুটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত