উন্নয়ন সম্ভব হয়েছে শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে: তথ্যমন্ত্রী

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৬ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এখন জসিম উদদীনের কবিতার মতো গ্রাম আর দেখা যায় না। কেউ ছেঁড়া কাপড় পরে না, বাংলাদেশে এখন খালি পায়ের মানুষ দেখা যায় না, গ্রামে ছনের চালা দেখা যায় না, বাসি ভাতের জন্য কেউ চিৎকার করে না। সে সব সমস্যা এখন দূর হয়ে গেছে’।

তিনি বলেন, ‘এসব শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের গুণে সম্ভব হয়েছে’।

তথ্যমন্ত্রী বৃহস্পতিবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।

বর্ধিত সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়।

আগামী পয়লা মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘পয়লা মার্চ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে সবাই একমত হয়েছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন শুরু মাস মার্চে পুরো রাজশাহী সাজবে মুজিব বর্ষের সাজে, একই সঙ্গে আড়ম্বড়ভাবে মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে’।

ড. হাছান মাহমুদ আরো বলেন, ‘রাজশাহীর যে সন্তান ১০ বছর বিদেশে থেকে রাজশাহীতে ফিরে এসেছে, সে এসে দেখছে পুরো রাজশাহী বদলে গেছে। বাংলাদেশে এখন কবিতায় কুঁড়েঘর আছে, বাস্তবে নেই। দেশের সর্বক্ষেত্রে সব এলাকার উন্নয়ন ঘটেছে। জাদুকরী পরিবর্তন জাদুর কারণে হয়নি, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী দেশকে শিল্পোন্নত দেশে পরিণত করছেন’।

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের শক্তি হচ্ছে তৃণমূলের কর্মীরা। দলের দুর্দিনে নেতা ভোল পাল্টিয়েছে, কিন্তু কর্মীরা পাল্টায়নি, কর্মীরা ঐক্যবদ্ধ থেকেছে’।

মন্ত্রী আরো বলেন, ‘কেউ যত বড় দায়িত্ব পান, তাকে তত বিনয়ী হতে হয়। দায়িত্বে থাকলে বিনয়ী হতে হবে।

বর্ধিত সভায় বক্তব্য দেন মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল মান্নান, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহুসহ নগরীর বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দ।

তারা বলেন, মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটন ভাই রাজশাহীকে বিএনপি-জামায়াত মুক্ত করে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে সংগঠিত ও শক্তিশালী করেছেন। এক সময় বিএনপি-জামাতের আস্তানা হিসেবে পরিচিত রাজশাহীর এই জনপদ খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এখন আওয়ামী লীগের দখলে। রাজশাহীতে লিটন ভাইয়ের নেতৃত্ব মেনেই আমরা রাজনীতি করে যেতে চাই।

বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান, প্রফেসর মেরিনা জাহান।

সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত