তুরস্কের পূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশে তুষারধসে ৩৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক। নিহতদের মধ্যে উদ্ধারকর্মীরাও আছে। এখনো অনেকে তুষারের স্ত‚পের নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, পাহাড়বেষ্টিত ভ্যান প্রদেশের বাহসেসারা শহরে মঙ্গলবার বিকেলে প্রথম তুষারধসে ৬ জন নিহত হয়। পরে তাদের উদ্ধার করতে গিয়ে আরেকটি তুষারধসে বুধবার দুপুরে বাকি ৩৩ জন নিহত হয়।
তুরস্কের দুর্যোগ ও জরুরি বিভাগ জানিয়েছে, উদ্ধারকর্মীরা প্রথম তুষারধসে নিখোঁজ আটজনকে উদ্ধার করে, যাদের মধ্যে ৫ জন প্রচণ্ড ঠাণ্ডায় মারা যায়। আরও দুজন নিহতের সন্ধান করছিল উদ্ধারকর্মীরা। এ সময় দ্বিতীয় তুষারধসে ৩৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনার পর আঙ্কারা থেকে ৭৫ জন বিশেষ উদ্ধারকারী কর্মকর্তাসহ একটি বিশেষ সামরিক বিমানে ভ্যান প্রদেশে গেছে। ভ্যান প্রদেশের গভর্নর জানিয়েছেন, জরুরি উদ্ধার দলগুলো এখনো তুষারের নিচে অন্য সহকর্মীদের সন্ধান করছে।
