বাংলাদেশ শিল্পকলায় আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ এশীয় সবচেয়ে বড় শিল্পকর্ম প্রদর্শনী ‘ঢাকা আর্ট সামিট’। এতে বাংলাদেশসহ ৪৪ দেশের পাঁচ শতাধিক শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে।
সকাল ১০টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে ৯ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা আর্ট সামিটের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ফারুক সোবহান এবং সামদানী আর্ট ফাউন্ডেশনের পরিচালক নাদিয়া সামদানী।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে থাকছে আর্ট এক্সিবিশন, পাবলিক আর্ট প্রজেক্ট, কিউরেটেড এক্সিবিশন, সেমিনার, সিম্পোজিয়াম, একক ও দলবদ্ধ বক্তৃতা, এক্সপেরিমেন্টাল ফিল্ম প্রদর্শনী, শিল্পবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ‘মুজিববর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী, লাইভ আর্ট পারফম্যান্স, পাপেট শো, প্রিন্টমেকিং ওয়ার্কশপসহ নানা বিষয়।
সামদানী আর্ট অ্যাওয়ার্ড হিসেবে থাকছে রেসিডেন্সি প্রোগাম। চিফ কিউরেটরের দায়িত্ব পালন করছেন সামদানী আর্ট ফাউন্ডেশনের আর্টিস্টিক ডিরেক্টর ডায়না ক্যাম্পবেল বেটানকোর্ট, রুক্সমিনি আর কিউ চৌধুরী ও তেরাসা আলবর।
