জুনে বাংলাদেশের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে খেলা টেস্ট দলে পরিবর্তনের তেমন সুযোগ নেই অজিদের। তবে এশিয়ার মাটিতে খেলা বলে একজন পেস বোলিং অলরাউন্ডার চাই। সে কথা মাথায় রেখে মোজেস হেনরিকসকে নজরে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। হেনরিকস ক্যারিয়ারের চারটি টেস্টেই খেলেছেন এশিয়ায়। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে আসন্ন চার দিনের অনানুষ্ঠানিক টেস্টে অস্ট্রেলিয়া ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে হেনরিকসকে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে লম্বা ফরম্যাটে প্রস্তুতির সুযোগ নেই অস্ট্রেলিয়ার। মাঝের সময়ে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের বিপক্ষে ছোট ফরম্যাটের সিরিজ খেলবে তারা। বাংলাদেশের মাটিতে সিরিজের জন্য যে দু-একজন ক্রিকেটারকে দেখে নেওয়ার সুযোগ সেটা এই ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সিরিজে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে দলে ছিলেন মাইকেল নেসার। এশিয়ায় টেস্ট খেলার অভিজ্ঞতা থাকায় এই বোলিং অলরাউন্ডারের জায়গাতেই এগিয়ে আছেন হেনরিকস।
ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দলে হেনরিকস ছাড়াও পেসার জেমস প্যাটিনসন ও অলরাউন্ডার মার্কাস স্টোয়নিসকে সুযোগ দেওয়া হয়েছে। ২২ ফেব্রুয়ারি থেকে এমসিজিতে চার দিনের দিবা-রাত্রির ম্যাচ খেলবে দুই দল।
