রূপগঞ্জে যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৮ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুয়া খেলায় বাধা দেওয়ায় ও দাবি করা যৌতুকের টাকা না দেওয়ায় তাছলিমা বেগম (২৮) নামে অন্তঃসত্ত্বা এক নারীর ওপর তার স্বামী নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে তাছলিমা বেগম রূপগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।

তাছলিমা বেগম জানান, ৯ বছর আগে উপজেলার ভায়েলা এলাকার সাদ্দাম মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাছলিমা জানতে পারেন তার স্বামীর জুয়া খেলার অভ্যাস আছে। বেশ কিছুদিন থেকে সাদ্দাম তার স্ত্রী তাছলিমাকে বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে আসছে। তাছলিমা সাদ্দামকে জুয়া খেলতে নিষেধ করেন এবং যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করেন। এ নিয়ে গতকাল সকালে সাদ্দামের সঙ্গে তাছলিমার কথা কাটাকাটির একপর্যায়ে তাছলিমাকে পিটিয়ে আহত করে সাদ্দাম। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘ এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত