ভালোবাসা দিবসে আসছে সারা আলী খানের নতুন ছবি ‘লাভ আজকাল’। ইমতিয়াজ আলীর এই ছবি প্রেমে ভরপুর তা ট্রেলার দেখেই স্পষ্ট। ছবির প্রোমোশনও চলছে জোর কদমে।
সম্প্রতি প্রচারণায় সৎমা কারিনা কাপুর খানের চ্যাট শো ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’-এ হাজির হয়েছিলেন সারা। দুজনের সম্পর্ক নিয়ে সব সময়ই চর্চা হয়। তবে এবার নিন্দুকের মুখ বন্ধ করে দিলেন কারিনা।
সারাকে স্বাগত জানাতে গিয়ে বললেন, এই শোতে শুধু তার একজন পরিবারের সদস্যই আসা বাকি ছিল এবার সেটাও পূরণ হয়ে গেল। স্বভাবতই সারার সঙ্গে জমে গেল আড্ডা। সারা ভীষণ বুদ্ধিমতী, সত্যি কথা বলতে ভয় পান না। এমন কথা বহুবার বলতে শোনা গেছে কারিনাকে।
বাস্তবে কেমন ছেলে পছন্দ সারার? হালের এই অভিনেত্রীর কথায়, যার রসবোধ আছে, যে মানুষ হিসেবে বেশ মজার এমন কাউকেই তার পছন্দ। এমনকি সেই ব্যক্তি খুব সুন্দর দেখতে না হলেও চলবে।
আরও জানান, এমন ব্যক্তিই পছন্দ যাকে দেখিয়ে তিনি গর্বের সঙ্গে বলতে পারবেন এই ব্যক্তিটি শুধুই তার। সোশ্যাল মিডিয়ায় সারা ও কারিনার এই কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশ্ন সারা কিংবা কারিনা কি তবে কার্তিক আরিয়ানের ইঙ্গিতই দিচ্ছেন?
প্রেম-ভালোবাসা নিয়ে কথার ফাঁকেই ‘লাভ আজকাল’ ছবির কথাও শেয়ার করেছেন সারা। ১১ বছর আগে সারার বাবা সাইফ ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল’ ছবিতে অভিনয় করেন। এত দিন পর ফের পরিচালক এই ছবি নতুনভাবে তৈরি করেছেন। তবে এটি কোনো সিক্যুয়াল নয় বলেই জানান সারা।
সেই সময়ের ভালোবাসার ধরন আর আজকের ভালোবাসার ধরনে বদল এসেছে। আগের ছবিতে সাইফ অভিনয় করেছেন তাই তার কাছে এই ছবিতে কাজ করা একটু চ্যালেঞ্জিংই ছিল বলে জানান সারা। তাছাড়া ইমতিয়াজ আলীর ছবিতে কাজ করা নায়িকাদের সঙ্গে তার তুলনা আসবেই তাই চাপ তো ছিলই বলে জানান সারা।
