সব নারীকে ‘নিজের জগতের রানি’ হয়ে উঠতে বললেন আলোচিত ডেইজী

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪১ পিএম

টিকে থাকার স্বার্থে প্রতিটি মেয়েকে ‘নিজের জগতের রানি’ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ড থেকে আওয়ামী লীগের সমর্থনে নির্বাচন করে হেরে যাওয়া আলোচিত কাউন্সিলর প্রার্থী ডেইজী সারওয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি যখন যেখানে যাই, বাবার কথা মনে করি এবং ভাবি- আই অ্যাম দ্য কুইন অফ মাই ওন ওয়ার্ল্ড।” 

“আমার মতে- যার সেল্ফ রেসপেক্ট থাকবে না, তার পৃথিবীতে থাকার অধিকার নেই। আত্মসম্মানটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই।”

ডেইজী সারওয়ার নামে বেশি পরিচিত যুব মহিলা লীগের এই সহ-সভাপতির প্রকৃত নাম আলেয়া সারওয়ার ডেইজী। এর আগে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য, মোহাম্মদপুর থানার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রাজনীতিতে আসা, আলোচনা-সমালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বললেন ডেইজী সারওয়ার।

তিনি বলেন, ‘ডানপিটে’ স্বভাবের কারণে ছোটবেলা থেকে অনেক সমালোচনার পরও বাবার অনুপ্রেরণাকে আশ্রয় করে ‘এতোদূর’ এসেছেন তিনি। 

তিনি বলেন, “আমার বাবা সারাজীবন আমাদের শিখিয়েছেন যে, তুমি যেখানেই যাবা, যেখানে বসবা- পাশের লোককে দেখে নিজেকে ছোট ভাববা না। তোমাকে মনে মনে ভাব রাখতে হবে, আই এম দ্য বেস্ট। মনে মনে ভাবলে হবে না, ‘আই এম দ্য বেস্ট হওয়ার’ জন্য কাজগুলো তোমাকে করতে হবে।”

সংরক্ষিত আসনে কাউন্সিলর থাকা অবস্থায় বিমানবন্দর এলাকায় ফগার মেশিন বসিয়ে ’যুদ্ধেংদেহী’ কায়দায় মশা মারতে গিয়ে ফেইসবুকে ভাইরাল হয়েছিলেন ডেইজী। সাক্ষাৎকারে সেই ভাইরাল ভিডিওর বিষয়েও তিনি প্রশ্নের উত্তর দেন।
সেই ভিডিও নিয়ে সমালোচনার জবাবে ডেইজী বলেন, “অনেকে না জেনে (সমালোচনা) করে থাকে। তখন মশার জন্য আমাদের ফ্লাইট ডিলে হচ্ছিল। এয়ারপোর্টের ভেতরে সিভিল এভিয়েশন (মশা মারার) কাজ করার কথা, কিন্তু তারা করে নাই।

“আর (অন্যদের) ভেতরে ঢোকাতো নিষেধ। সে কারণে ‍ভেতরের দিকে (মশা) মারার জন্য একটা ফগার মেশিন উপরে এবং নিচে মারার জন্য আরেকটা ফগার মেশিন বসিয়েছিলাম। সেটা দেখতে অন্যরকম হয়ে গিয়েছিল, অনেকে ট্রল করেছে। তবে, আমার সাহসিকতার জন্য অনেকে প্রশংসাও করেছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত ডেইজী সারওয়ারের কাছে জানতে চাওয়া হয়েছিল, পরের নির্বাচনে মেয়র পদে লড়ার কোনো পরিকল্পনা আছে কি-না। অনেকটা ঘুরিয়ে সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি।

“আমি কাজে বিশ্বাসী। কাজ করতে থাকি। কাজ আমাকে যেখানে নিয়ে যাবে, তখনই আমি কাজটা করব। এমন আমি এমপি-মন্ত্রী হওয়ার জন্য, মেয়র হওয়ার জন্য কাজগুলো করছি না। যদি কোনো ধরনের কোনো টার্গেট ধরে নিই এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য- তাহলে সেটা আমার ভেতরে কাজ করবে। যদি আপনাকে কষ্ট দিয়ে কথা বলি, আমি এমপি হতে পারব না। যদি আমি ডান থেকে বামে চলা শুরু করি, আমি এমপি হতে পারব না। এই ভয়গুলো ভেতরে কাজ করবে।

“আমার কোনো চাওয়া-পাওয়ার কিছু নাই। আমি আমার মত কাজ করে যাব। কাজের মাধ্যমে আমার জনগণ, আমার নেত্রী, আমার দল, সবাই যদি মনে করে, শি ইজ পারফেক্ট ফর দিস পোস্ট, তারা যদি আমাকে সেখানে দেয়, আমি থাকতে রাজি।”

ডেইজী বলেন, “পাওয়ার বলি, চেয়ার বলি, পোস্ট বলি- আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি সবার কাছে আগেই জানতে চাইব- আমি এই চেয়ারের যোগ্য কি-না। আমি এই কাজটা করতে পারব কি-না।

“আমি এখন যেটা বুঝি- আমি যদি একজন মেয়র হিসাবে নির্বাচিত হই, তাহলে কাজ করতে পারব। আমি এমপি হলে সেই কাজটি করতে পারব। কারণ আমি তৃণমূল থেকে কাজটা করে আসছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত