সাতক্ষীরার দেবহাটায় বরজ থেকে কয়েকটি পানপাতা ছেঁড়ার অপরাধে মোস্তাফিজুর রহমান (১৩) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরকে পিছমোড়া করে বেঁধে রাখার পর এলাকায় ঘুরিয়ে নির্যাতন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টা থেকে পান বরজের মালিক ও কর্মচারীরা কিশোরটির ওপর এই অমানুষিক নির্যাতন চালায়। পরে রাত ৮টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মোস্তাফিজুর সখীপুর গ্রামের শেখ শফিকুল ইসলামের ছেলে ও চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
শফিকুল ইসলাম জানান, মোস্তাফিজুরকে পিছমোড়া করে বেঁধে বেধড়ক মারপিটসহ নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে সখীপুর মোড়ের সিরাজুলের চায়ের দোকান থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে পান বরজের মালিক সমর সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, বিষয়টি শুনেছি, এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
