ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী অবকাশ পর্যটন কেন্দ্র থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি রামদাসহ ছয় যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ঝিনাইগাতী উপজেলার বড় গজনী এলাকার প্রবীণ হাগিদকের ছেলে কয়েন, অনুকূল হাগিদকের ছেলে লিলি গাগরা, ধানশাইল এলাকার মৃত আশরাফ আলীর ছেলে জহুরুল ইসলাম, রামেরকুড়া এলাকার মৃত আবদুর রশিদের ছেলে আনোয়ারুল ইসলাম শিক্কু, ডাকাবর এলাকার শহিদুলের ছেলে জয়নাল মিয়া ও শহিদুলের ছোট ছেলে আয়নাল হক।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি রংপুর থেকে গজনী অবকাশ পিকনিক স্পটে আসা দর্শনার্থীদের জিম্মি করে মোবাইল ফোনসহ টাকা পয়সা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে ভুক্তভোগীরা ঝিনাইগাতী থানায় মামলা করে।
