বিশ্বে ভাইরাস প্রতিরোধী মাস্কের তীব্র সংকট শুরু হয়েছে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রস আধানম ঘেব্রেইয়েসুস। গত শুক্রবার জেনেভায় ডব্লিউএইচওর নির্বাহীদের নিয়ে আয়োজিত এক সভায় তিনি এমন সতর্কতা প্রকাশ করেন বলে জানিয়েছে এএফপি।
তেদ্রস আধানম ঘেব্রেইয়েসুস বলেন, ‘বিশ্ব ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামের দীর্ঘমেয়াদি ঘাটতির মুখোমুখি হচ্ছে। ডব্লিউএইচও এবং এর অংশীদারদের এই মুহূর্তে যত মাস্ক প্রয়োজন তা নেই।’ মাস্কের মতো ভাইরাস প্রতিরোধী উপকরণ স্বাভাবিক মূল্যের চেয়ে বিশ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে বলেও জানান তেদ্রস। অবশ্য কিছু কোম্পানি ইতিমধ্যেই বাণিজ্যিকভিত্তিতে মাস্ক উৎপাদন শুরু করেছে। কোম্পানিগুলো তাদের উৎপাদিত উপকরণগুলো শুরুতে শুধু স্বাস্থ্যকর্মীদের কাছেই বিক্রি করবে। ডব্লিউএইচও গত সপ্তাহ থেকে ভাইরাসে আক্রান্ত দেশগুলোতে প্রয়োজন অনুসারে মাস্ক ও ভাইরাস প্রতিরোধী পোশাক পাঠাতে শুরু করেছে।
