জরুরি বিভাগসহ পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবিরতির চতুর্থ দিনে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এদিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পেয়ে অনেককেই হাসপাতাল ছাড়তে দেখা গেছে।
গতকাল দুপুর আড়াইটায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. হুমায়ুন কবির। এ সময় পরিষদের সাধারণ সম্পাদক ডা. মিয়া আমিনুল ইসলাম, ড. সাগর দেব, ডা. মাহমুদা আক্তার মৌসুমী, ডা. সাবিনা সামী প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল ভর্তি হওয়া রোগীর অনেককেই হাসপাতাল ছাড়তে দেখা গেছে। যে কজন আছেন, তাদের চিকিৎসাসেবা দিতে দেখা যায় অধ্যাপক কাজী আরিফসহ সিনিয়র ডাক্তারদের।
ডা. হুমায়ুন বলেন, ‘সাতক্ষীরা মেডিকেল কলেজে জরুরি বিভাগ নেই। তাই আন্দোলনে রোগীদের কোনো সমস্যা হচ্ছে না।’ দাবি মেনে নিলে এক দিনও কর্মবিরতিতে থাকবেন না বলে জানান তিনি। ডা. আমিনুল জানান, তাদের আন্দোলনে শিক্ষাকার্যক্রমে অনেক ক্ষতি হচ্ছে।
