জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক চিন্তা, সমাজ ভাবনা ও আদর্শ বিষয়ে এমফিল-পিএইচডি কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল শনিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সিনেট হলে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় অ্যাকাডেমিক কাউন্সিলের ৩৩ সদস্য উপস্থিত ছিলেন। সেখানে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত এমফিল লিডিং টু পিএইচডি রেগুলেশন ২০১৯ ও সিলেবাস এবং বিভিন্ন পর্যায়ে ২০ শিক্ষকের পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স-মাস্টার্স পরীক্ষায় উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষায় নির্ধারিত ২০ নম্বর না রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ফলে আগামী শিক্ষাবর্ষ থেকেই কোর্সগুলোতে ১০০ নম্বরের পরীক্ষা হবে।
