রক্তাক্ত তানভির পড়ে ছিলেন বাড়ির পাশের সড়কে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৩ এএম

নেত্রকোনার খালিয়াজুরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মো. তানভীর (২৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে নূরপুর বোয়ালী গ্রামে নিজের বাড়ির অদূরে পরিত্যক্ত একটি সড়কের পাশ থেকে আধমরা অবস্থায় উদ্ধার করা হয় তানভীরকে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে মৃত্যু হয় তার।

নিহত তানভীর খালিয়াজুরীর নূরপুর বোয়ালী গ্রামের মো. আবুল বাশারের ছেলে। তার দুই সন্তান রয়েছে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, কিছুক্ষণ পরই ফিরবেন মাকে এমন কথা বলে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান তানভীর। পরে রাত ৮টার দিকে একই গ্রামের বাসিন্দা তার বন্ধু সিজিল ও রাহাত বাড়িতে এসে জানায়, আধমরা অবস্থায় তানভীর গ্রামের বড় মসজিদের সামনের পরিত্যক্ত সড়কে পড়ে আছেন। পরে স্বজনরা সেখানে গিয়ে ধারালো অস্ত্রে ডান কান কাটা ও মাথায় আঘাতপ্রাপ্ত অচেতন তানভীরকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার তার মৃত্যু হয়।

নিহত তানভীরের চাচা আব্দুল মোনায়েম বলেন, ‌‘খুন করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তানভীরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে যায় বলে আমাদের ধারণা।’

ঘটনাস্থল পরিদর্শনের পর খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক গতকাল দুপুরে দেশ রূপান্তরকে বলেন, ‌‘তানভীরকে কে বা কারা হত্যা করেছে এবং কী কারণে করেছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত